চট্টগ্রাম নগরীর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার সম্প্রতি স্টেশন রোড, নিউ মার্কেট মোড় এবং রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন দোকানিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। মোট ১২টি মামলায় ১২ জন দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি বলেন, “মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নিয়মিতভাবে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে। যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের দ্রুত লাইসেন্স নিতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “হকারদের দুপুর ৩টার আগে ব্যবসা করতে দেওয়া হবে না। চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে তারা ব্যবসা চালাতে পারবেন, তবে কোনোভাবেই স্থায়ী স্থাপনা গড়ার অনুমতি দেওয়া হবে না।”

চসিকের একাধিক সূত্র জানিয়েছে, নগরবাসীর নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।