বাগেরহাট জেলার মোংলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোংলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আলী আকবারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কুমারখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন — মোংলার মাকোরঢোন এলাকার আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মো. আলী আকবার (৩৫), আরাজি মাকোরঢোন এলাকার জোমাতুল্লাহ শেখের ছেলে মো. শহিদুল শেখ (৪২) এবং একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (২৬)। তারা তিনজনই মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কর্মকর্তারা ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ লেখা স্টিকারযুক্ত একটি গাড়ি ব্যবহার করেন, যা দেখে স্থানীয়রা ভিড় জমান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আকবার কুমারখালী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে চেনে এলাকার মানুষ। স্থানীয়দের ধারণা, আটক অপর দুইজন তার সহযোগী হতে পারে। কেউ কেউ জানান, আকবার এলাকায় আরও ৭–৮ জনকে দিয়ে ইয়াবা বিক্রি করায়, যাদের স্থানীয়ভাবে তার “স্টাফ” নামে ডাকা হয়।

তবে আটককৃতদের মধ্যে কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কারা মাদকসেবী— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে মোংলা থানায় যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা অফিসের কর্মকর্তারা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন।

আকবারের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় স্বস্তির বাতাস বইছে। স্থানীয়রা জানিয়েছেন, আকবারের কারণে এলাকার তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছিল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছিল। তাই তার গ্রেফতারকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।