পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলার মিস্ত্রি পাড়া সীমান্তে বাংলাদেশী ৭জন ও ভারতীয় ৪ জন ও তেতুলিয়া উপজেলা পেদিয়া গছ সীমান্ত দিয়ে ৫ জন সহ মোট ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত ১৪ জুন ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রি পাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশী নাগরিক হওয়ার পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ দিয়ে ভারতীয় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করেছে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৩ জন, শিশু ৪ জন।

পরে তাদের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হবে। আর ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত এর ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কাইয়ুম আলী জানান, বাংলাদেশী ৭ জন পুশইন হওয়া বিজিবি তাদের সদর থানায় হস্তান্তর করেছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করবো।