মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : চাঁদা দিতে অস্বীকার করায় দুই শিশু সন্তানসহ এক বিধবা মাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহগদা গ্রামে এই অমানবিক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, স্থানীয় প্রভাবশালীরা ওই বিধবা নারীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে ওই নারী ন্যায় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী হাসেনা আক্তারের স্বামী সূর্য্য মিয়া চার বছর আগে মারা গেছেন। এরপর থেকে দুই নাবালক সন্তানকে নিয়ে তিনি স্বামীর রেখে যাওয়া মাত্র আধা শতক জায়গার উপর একটি ছোট টিনের ঘরে কোনোরকমে দিন পার করছেন।

হাসেনা আক্তার অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে একই গ্রামের খবির উদ্দিন তার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুরু হয় হয়রানি। তাকে পুকুর ঘাটে যেতে বাধা দেয় এবং মিথ্যা অজুহাতে দু'বার মারধর করা হয়। একপর্যায়ে খবির উদ্দিনের ছেলে আল-আমিন এবং মৃত জালাল উদ্দিনের ছেলে আরিফ মাহমুদ রুবেল তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ২৭ আগস্ট অভিযুক্তরা হাসেনা আক্তারের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তাকে মাটিতে ফেলে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করে। চলে যাওয়ার সময় তারা হাসেনাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

হাসেনা আক্তার আরও জানান, অভিযুক্তরা তাকে 'নষ্টা মেয়ে' আখ্যা দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তিনি গত ৩০ আগস্ট বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে বাধ্য হয়ে হাসেনা আক্তার গত মঙ্গলবার কুমিল্লার ১১নং আমলী আদালতে অভিযুক্ত খবির উদ্দিন, আল-আমিন ও আরিফ মাহমুদ রুবেলের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করেন। তিনি ন্যায় বিচার পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।