বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির গ্রামার। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বাসেডর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরা পাড়া ইউনিয়নে চৌরাস্তায় বিএনপির ৩১ দফা নিয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁ উপজেলার গড়াপাড়া চৌরাস্তা ৩১ দফা বাস্তবায়নে বুকলেট বিতরণে ও গণসংযোগ করা হয় । ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস। সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস। এই যে চোরতন্ত্রের ওয়ারিশি ব্যবস্থা- আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রবঞ্চনামূলক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। সেই কারণে শেখ হাসিনার সময়ে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।জনতার রক্তের যে প্রত্যাশা বা আকঙ্ক্ষা সেটিকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ- এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।