সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে ধর্ষণ মামলায় শ্রমিক দলের নেতা ফজলু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, ৩নং কোম্পানি। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার নলুয়া এলাকা থেকে ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় শ্রমিক দল নেতা ফজলুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইলের সখিপুরে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে একটি বনের ভেতর নিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার আমজাদ আলীর ছেলে এবং দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে ফজলুল হককে আসামি করে সখিপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল পাঠায়।