মতবিনিময় সভা

শান্তিগঞ্জ সংবাদদাতা: শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় সুনামগঞ্জ-৩ আসনে জনসাধারণের পাশে আছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো। এরআগে ২০১৮ সালেও আমি ধানের শীষে মনোনয়ন পেয়েছিলাম। এজন্য আমার নেতা তারেক রহমানের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

আদালতের অভিযান

আনোয়ারা (কর্ণফুলী) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা এবং জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে যানজট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।

লোকালয়ে ঘুরেবেড়াচ্ছে হনুমান

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের ইন্দুরকানীতে হঠাৎ করেই মালবাহী ট্রাকে চড়ে লোকালয়ে চলে আসে একটি হনুমান। যশোর এলাকা থেকে আসা এ হনুমান ১০ দিন আগে থেকে উপজেলার চন্ডিপুর এলাকায় দেখা যায়। হনুমানটিকে লোকালয়ে ঘুরতে দেখতে আসা শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে হৈচৈ ও আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার চন্ডিপুর বাজারে একটি ভ্যানের ওপর উঠে পড়ে হনুমানটি। এরপর ঢুকে পড়ে লোকালয়ে। ফলে দেখা দেয় হইচই ও আতঙ্ক। স্থানীয়রা জানায়, হনুমানটি বাজারের এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ তা দেখতে ছুটে আসে, কেউ কেউ মজা করে আবার কেউ ঢিল ছুড়ে হনুমানকে বিরক্ত করে। এতে হনুমানটি কখনও উত্তেজিত হয়ে আক্রমণাত্মক আচরণও করে। চন্ডিপুর বাজারের ওষুধ ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস খন্দকার বলেন, “আগেও যশোর বা খুলনা থেকে আসা মালবাহী ট্রাকে হনুমান আসতে দেখেছি। ওরা খাবারের সন্ধানে আসে বলে ধারণা করা হয়। কখনো কখনো মানুষকে আঁচড় দেয় বা ধাওয়া করে, এতে আতঙ্ক তৈরি হয়।”

জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে প্রাণিসম্পদের এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাঁকে এ জরিমানা করা হয়।

ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম দেশীগ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। তিনি দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয় দিয়ে বেশ কিছু দিন ধরে প্রাণিসম্পদের চিকিৎসা করে আসছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন।

এ সময় শফিকুল ইসলাম স্বীকার করেন যে চিকিৎসক হিসেবে তার কোন সনদ নেই। তিনি কোনো মেডিকেলেও পড়ালেখা করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, প্রাণিসম্পদের চিকিৎসা নিয়ে প্রতারনা করায় ওই ব্যক্তিকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

প্রশংসায় ভাসছেন ইউএনও

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার বিলদহর ব্রীজের নিচে আত্রাই নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

নৌকা চলাচল, মৎস্যজীবী ও কৃষকের সুবিধার জন্য পানির প্রবাহ নিশ্চিত করতে প্রায় দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করেন ইউএনও।

উপজেলা পরিষদের অর্থায়নে গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত তিনদিনে পরিষ্কার করা হয় কচুরিপানার স্তুপ।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে আত্রাই নদীর বিলদহর ব্রীজের কচুরিপানার স্তুপ জমে ছিল। এতে করে নৌকা চলাচল, কৃষকের ফসল ঘরে তোলা ও মৎস্যজীবীদের মাছ শিকারে বাধাগ্রস্ত হচ্ছিল। কচুরিপানা পরিষ্কার করে নদীর পানি প্রবাহ নিশ্চিত করার জন্য এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে তিনি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন।

সে দাবি বাস্তবায়নে ইউএনও মাজহারুল ইসলাম উপজেলা পরিষদের অর্থায়নে দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করতে নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন।

কৃষি প্রণোদনা

তাড়াশ (সিরাজগঞ্জ) ঃ সিরাজগঞ্জের তাড়াশে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে ওই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, নিমগাছ আর্মি ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

দুইজন গ্রেপ্তার

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর শিবপুরের ব্রাহ্মন্দী গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ধর্ষকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-ধর্ষক আব্দুল মান্নান (৫০) ও ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী হানিফা মেম্বার। তাদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে প্রতিবেশী আব্দুল মান্নান জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে বিজ্ঞাসাবাদ করলে সে আব্দুল মান্নান জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়। এলাকায় এ ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী হানিফা মেম্বার টাকার বিনিময়ে ধর্ষিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য হুমকি ধমকি দিতে থাকে। বিষয়টি মিমাংসা করে দেয়ার মিথ্যা আশ^াস দিয়ে থানা ও কোর্ট কাচারিতে যাওয়া থেকে বিরত রাখে। পরে পরিবারের লোকজন বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক একটি মামলা রুজু করেন এবং আসামী গ্রেপ্তারে অভিযান পরিচালন করে ধর্ষক আব্দুল মান্নান ও ধামাচাপা দেয়ার চেষ্টাকারী হানিফা মেম্বারকে গ্রেপ্তার করে।

সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মো. কওছার আলম,

উপজেলা বিএনপিথর সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আফজাল হোসেন, মো. তোফাজ্জল হোসেন খাতোফা, মঞ্জরুল ইসলাম, মামনুর রশিদ ও সম্রাট হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, মো. যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম।