মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রাণধারা ধনাগোদা নদী এখন কচুরিপানায় ভরাট হয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। নদীর ওপর জমাট কচুরিপানার স্তর এত ঘন হয়ে উঠেছে যে, সেটিই এখন স্থানীয় তরুণদের খেলাধুলার মাঠে পরিণত হয়েছে।
সম্প্রতি মতলব উত্তরের শ্রী রায়েরচর ব্রীজের নিচে কচুরিপানার স্তরে ফুটবল খেলতে দেখা যায় কয়েকজন তরুণকে। দৃশ্যটি ভিডিও করে ফয়সাল হোসেন নামে এক তরুণ ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুর থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় আট থেকে দশ কিলোমিটার নদীপথজুড়ে ঘন কচুরিপানার স্তূপ জমে আছে। এমনকি শ্রী রায়েরচর ব্রীজ থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় মানুষ হেঁটে পার হতে পারছে।
সরেজমিনে দেখা গেছে, ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, বাংলাবাজার, রায়েরকান্দি, টরকী, মাছুয়াখাল, শাহপুর ও নায়েরগাঁও পর্যন্ত পুরো নদীজুড়ে কচুরিপানা জমে আছে। এতে কয়েকটি বালুবাহী বাল্কহেডও কচুরিপানার মধ্যে আটকা পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদীর দুই তীরে অসংখ্য অবৈধ ঝাঁক (মাছ ধরার ফাঁদ) স্থাপন এবং অপরিকল্পিত নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কচুরিপানা সরতে না পেরে জমে থেকে নদীটি ধীরে ধীরে জলাভূমিতে পরিণত হচ্ছে।
ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, “এখন নৌযান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কচুরিপানার কারণে জনগণ ভীষণ ভোগান্তিতে রয়েছে।” এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। কচুরিপানা অপসারণ ও অবৈধ ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।”
চাঁদপুরের মতলব উত্তরের শ্রী রায়েরচর ব্রীজের নিচে কচুরিপানায় ঢাকা ধনাগোদা নদীর ওপর ফুটবল খেলছে স্থানীয় তরুণরা।