আশরাফুল আলম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত ৯ মাসে সীমান্তে অভিযানে ৫০১ জন আসামীসহ ৬০ কোটি টাকার অধিক চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে ও ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তে যে কোনো অপতৎপরতাসহ সীমান্ত সুরক্ষিত রাখতে অস্ত্র ও গোলা-বারুদ ও মাদক চোরাচালান রোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। জানুয়ারি থেকে চলতি অক্টোবর ৯ মাস রংপুর রিজিয়ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭১,৩৪০ বোতল ফেন্সিডিল, পৌনে ১০ কেজি হোরোইন, ২ কেজি ৬১ গ্রাম কোকেন, ১২,১২৭ বোতল মদ, ২ হাজার ৯১ গ্রাম গাঁজা, ২৪,৪৭৮ পিস ইয়াবা, ১২ লাখ ৯৮ হাজার ৩ পিস ভায়াগ্রা ট্যবলেটসহ বিভিন্ন নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করেছে। এছাড়া ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৬টি এয়ারগান, ৩৩ হাজার ১’শ টি এয়ারগানের সিসাগুলি, ৭ কেজি গানপাউডার, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার এবং গবাদিপশূর মধ্যে গরু ও মহিষ। অন্যান্য মালামালের মধ্যে কষ্টিপাথর, স্বর্ণ, শাড়ী, চিনি মোটরসাইকেল, মোবাইল, কারেন্টজাল উদ্ধার করেছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিজিবি সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদক চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। সম্প্রতি শেষ হওয়া শারদীয় দূর্গপূজায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও পূজা উদযাপনকে সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে পালনে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পূজামন্ডপে ১৩৮ প্লাটুন বিজিবি সর্বদায় নিয়োজিত ছিল। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারি অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম।