সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়, এর জেরে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা জিয়ারুল ইসলামের (৫০)। বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চাচা জিয়ারুল ইসলাম (৫০) তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত দুজন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে প্রথমে আম খাওয়া নিয়ে শুরু হয় বাক-বিতণ্ডা। প্রথমে বিষয়টি তুচ্ছ মনে হলেও ধীরে ধীরে তা উত্তপ্ত বাক্য বিনিময়ে গড়ায় এবং একপর্যায়ে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে।