রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। গতকাল শনিবার সকালে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকা- ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে দারুস সালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়াও বিষয়টি নিশ্চিত করে জানান, দুই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ‘ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান। প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও বাকি একজনের নাম পুলিশ এখনও জানতে পারেনি। নিহত দুই যুবককে চিহ্নিত ‘মাদক কারবারি ও ছিনতাইকারী’ বলছে পুলিশ। সহকারী কমিশনার বিপুল বলেন, ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। এই নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ দুইজন ওই এলাকায় যায়। তারপর মাদক কারবারিরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দিতে বের হলে গণপিটুনির শিকার হয়।

বাড্ডায় লাশ উদ্ধার: রাজধানী বাড্ডার দক্ষিণ বার্তা নানিবাড়ি মোড় এলাকার একটি বাসায় মো. রবিন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার নিহতের বড় বোন রিপা বলেন, আমার ভাই মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। কিছুদিন আগে ঢাকা মেডিকেলে মানসিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারপর থেকে আমরা তাকে চোখে চোখে রাখতাম। রাতে হঠাৎ তার নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। তিনি বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানায়। বর্তমানে দক্ষিণ বাড্ডা নানিবাড়ি মোড় এলাকার একটি টিনশেড বাসায় পরিবারের সঙ্গে থাকি।