কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এত দুই পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে। রোববার সকালে উপজেলার সাহেববাজার এলাকায় ওই ঘটনার ঘটে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি’র নেতা-কর্মীরা জানান, সম্প্রতি কালিয়াকৈর উপজেলা পৌরসভাসহ জেলার আটটি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। ১৪ জুন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক করে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি। পরে গতকাল শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলার বিএনপির আহ্বায়ক করা হয়েছে মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদার, সদস্য সচিব করা হয়েছে এম আনোয়ার হোসেনকে। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মামুদ সরকার ও সদস্য সচিব করা হয়েছে মহসিন উজ্জামানকে। পৌর বিএনপির কমিটি সকলেই মেনে নিলেও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি মেনে নিচ্ছেন না উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গ্রুপ। আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার রাতেই বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন পারভেজ গ্রুপের কর্মীরা।
একই দাবিতে রোববার সকাল সাড়ে দশটা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলা বিএনপির সাবেক সভাপতি পারভেজ আহমেদের পক্ষ নিয়ে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এ সময়ে নতুন কমিটি পক্ষ থেকে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়।