লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে ছালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মতিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। ছালেহা ওই এলাকার মৃত শাহজানের স্ত্রী।
স্থানীয়রা জানান, গত রোববার থেকে ছালেহা বেগমকে খুঁজে পাচ্ছেন না তার পরিবার। সোমবার সকালে ঘটনাস্থলের পাশে শিশুরা ফুটবল খেলতে গিয়ে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের জানায়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কমলনগর থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।ছালেহার ব্যবহৃত বিভিন্ন স্বর্ণের গহনা পরনে ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে স্বর্ণের গহনা লুটে নেয় দুর্বৃত্তরা । এ ছাড়াও বৃদ্ধা ছালেহার হাতে গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে।