দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব হাউসদি গ্রামে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আল-আমিন (৩৩) নামে এক যুবককে প্রকাশ্যে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আল-আমিন ওই গ্রামের বারেক বেপারীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি আল-আমিন স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ডালিমের মাদক বিক্রির প্রতিবাদ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ডালিমসহ কয়েকজন যুবক রাস্তার ওপর তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।পরে স্থানীয় রুবেল নামে এক যুবক আহত আল-আমিনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সহকারী পরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, “প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) সামছুল আলম বলেন, “ঘটনার বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”