দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ওয়াহিদুল ইসলাম জেলে থেকে শারিরীক অসুস্থতার ছুটি কাটাচ্ছেন। চলতি মাসের ১৩ ই মে ওয়াহিদুল ইসলাম তার স্ত্রী শ্যামলী খাতুনের দায়ের করা ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পন করেন । অথচ গত নয় দিন ধরে শারিরিক অসুস্থতার কথা বলে ভূমি অফিস থেকে ছুটি কাটাচ্ছেন।

ওয়াহিদুল জেল হাজতে আছেন বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী শ্যামলী খাতুন ও তার মামলার উকিল মো. আব্দুর রাজ্জাক। ওয়াহিদুল শারিরিক অসুস্ততার কারণে ছুটি নিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী মনোয়ার, জিয়া, সহ বেশ কয়েকজন।

সহকারী কমিশনার ভূমি মো. শামছুজ্জামান আসিফ বলেন, গত ১৩ তারিখে শারিরিক অসুস্থতার কথা বলে তিন দিনের ছুটি নিয়েছেন ওয়াহিদুল। এরপর ১৮ তারিখের ডাক ফাইলে তার স্বাক্ষরিত আরেকটি ছুটির আবেদন পাই। গত ২১ তারিখ পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। ওয়াহিদুল জেলহাজতে আছে বিষয়টি তার স্ত্রীর কাছ থেকে বুধবার শুনেছি। কোর্টের কোন নোটিশ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।