কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ২দিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামক এক স্কুল ছাত্রীর লাশ ১৪ জুন শনিবার উদ্ধার করেছে পুলিশ। নিহত আনজুম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুম (১৫) বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গায় তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। তবে হত্যার কোন কারণ তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।

নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ কাজ শুরু করেছে। আমরা শীঘ্রই ঘটনা সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা কি সেটি জানার চেষ্টা করবো। এর পিছনে কেউ জড়িত থাকলে আমরা যথাশীঘ্র তাকে গ্রেফতার করবো।