গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৭ অক্টোবর সন্ধ্যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত এনামুল হক কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের পুত্র ও আজগর আলীর নাতি। তিনি এ বছর এসএসসি পাস করে ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরার জন্য মাঠে যান। এ সময় তাকে বিষধর সাপ দংশন করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জালাল উদ্দীন।
এনামুলের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার-পরিজনসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। বাদ আসর তার জানাযার নামাজ নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।