শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : শৈলকুপায় নৃশংসভাবে খুনের শিকার রতন মন্ডল হত্যা মামলা তুলে নিতে আসামীরা বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হত্যার হুমকি, ভয়ভীতি দেখানো ও সাক্ষীদের মারধর করার অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। মামলার প্রধান আসামী মো. জাহাঙ্গীর আলম উপজেলার একই গ্রামের গোলাম মন্ডলের ছেলেসহ ২৬ জন। এদিকে বাদীসহ স্বাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় আছে।

জানা যায়, উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় রতন মন্ডল নিহত হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীরসহ ২৬ জনের নামে নিহতের পিতা রায়হান মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করে, মামলা নং ২০, তাং ১৭-৪-১৯ ইং। মামলাটি ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। আসামীরা জামিনে মুক্ত হয়ে আসার পর থেকে হত্যা মামলাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য মামলার বাদী ও স্বাক্ষীদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। মামলা তুলে নিতে বাদীকে হুমকি, ভয়ভীতি ও চাপ দিয়ে আসছে এবং মামলার সাক্ষীদের একাধিকবার মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। আসামীরা আগামী ২৫ জুন স্বাক্ষীদের আদালতে স্বাক্ষী না দেয়ার জন্য হুমকি প্রদর্শন করছে।