পার্বতীপুর সংবাদদাতা: সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা নবাবগঞ্জ উপজেলার খালিপপুরের স্বপ্নপুরী বিনোদন কেন্দ্র থেকে বনবিভাগের জমির উপর নির্মাণাধীন স্থপনা সরানোর নোটিশ দিয়েছে বনবিভাগ। গত ২ মে দিনাজপুর বনবিভাগের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: আল আমিন হক স্বাক্ষরিত নোটিশ সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শিবলি সাদিক ও তার বড় চাচা সাবেক দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: দেলোয়ার হোনেস চৌধুরীকে প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয় গত ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারী বিভাগীয় বন কর্মকর্তা দিনাজপুর এর ৬২৯/৮-১নং পত্রমুলে ৭ দিনের মধ্যে স্বপ্নপুরী বিনোদন পার্ক নামীয় অবৈধ স্থাপনাটি অপসারণের জন্য বলা হয়েছিল। কিš‘ অদ্যবধি আপনারা সরকারি বনভূমিতে অবৈধভাবে স্থাপিত স্বপ্নপুরী বিনোদন পার্ক নামীয় অবৈধ স্থাপনাটি অপসারণ করেন নাই। অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে সরকারি বনভূমির দখল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশক্রমে বলা হইল। দখল ছেড়ে দিতে ব্যর্থ হইলে সকল প্রকার অবৈধ স্বাপনা উচ্ছেদ বা অপসারণ পূর্বক বনবিভাগ তথা সরকারের অনুকুলে বাজেয়াপ্ত হইবে এবং আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এ বিষয়ে স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের মালিক সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তার বড় চাচা দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো: দেলোয়ার হোসেন চৌধুুরী ৫ আগস্ট পরবর্তী পলাতক থাকায় মতমত নেওয়া সম্ভব হয়নি। স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান তিনি বন বিভাগের নোটিশ পেয়েছেন।
নোটিশ প্রদানের পরেও বনবিভাগের জমির উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা না সরানোর বিষয়ে নোটিশ প্রদানকারি রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক বলেন আমাদের করণীয় শেষ। তিনি আরো বলেন স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের বনবিভাগের জবর দখলকৃত ৪১.০৩ একর জমির উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক জমি দখলমূক্ত করতে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এছাড়াও স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের মালিকের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক নবাবগঞ্জ উপজেলার কুশদাহ ইউনিয়নের খালিপপুর গ্রামের মৃত পৃথি হেসরেনের ছেলে উকিল হেসরনের ২২.৪৫ একর জমি জবর দখল করে নেওয়ার একটি মামলাও হয়েছে।