শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটসহ আশপাশের এলাকা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গত ১৭ আগস্ট পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানান, পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে গত দুই সপ্তাহ ধরে পাটুরিয়া ঘাট সংলগ্ন ধুতরাবাড়ি ও তেগুরি গ্রামসহ ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।
ইতিমধ্যে ওই দুই গ্রামে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমনকি লঞ্চঘাটও নদীতে তলিয়ে গেছে। ফেরিঘাটও এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।
এলাকাবাসী জানান, বিষয়টি উপজেলা প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই স্থানীয় দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত নদীভাঙন প্রতিরোধ ও স্থায়ী সমাধানের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ঘাট সংলগ্ন প্রায় দুই কিলোমিটার এলাকা বিআইডব্লিউটিএর আওতাধীন। এরপরও আমরা সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এলে ভাঙন রোধে কাজ শুরু হবে। জরুরি ভিত্তিতে ঘাট এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।