চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর কাজী আব্দুল মোছাব্বির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সিলেট ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত ডায়েবেটিস ও ফুসফুসজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি উপজেলার ১০ মিরাশী ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তান-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান, সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদসহ সেক্রেটারী ও চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী, নায়েবে আমীর হাফেজ মাওলানা আ.স.ম কামরুল ইসলাম, সেক্রেটারী মীর সাহেব আলীসহ অনেকেই। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের ১ম জানাজার নামাজ গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে ও ২য় জানাযার নামাজ রাত ৯টায় নিজ জন্মস্থান পীরেরগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, কাজী আব্দুল মোছাব্বির ২০০১ সালে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন পৌরসভার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি। এছাড়াও হাজী মাহমুদ হোসাইন জামেয়া ইসলামিয়া মাদরাসা ও মসজিদ, শায়েস্তাগঞ্জ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুল, পীরেরগাঁও হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চুনারুঘাট উপজেলায় শিক্ষা বিস্তারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অনেক অবদান রেখে গেছেন তিনি।