সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ‘৩৬ জুলাইয়ের পর বাংলাদেশে রাজনীতির আমূল পরিবর্তন ঘটেছে। এখন আর আগের মতো বস্তাপচা সেকেলে রাজনীতি চলবে না। আমরা চাই একটি নতুন বাংলাদেশÑ যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, দীর্ঘদিন দেশের রাজনীতিবিদরা জনগণকে প্রতারণা করে এসেছে। বৈষম্য আর শোষণের রাজনীতি মানুষকে পিছিয়ে রেখেছে। তবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে।

‘এখন সময় এসেছে সব বিভেদ ভুলে, হানাহানি বন্ধ করে, একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেওয়ার,’Ñ বলেন তিনি।

সম্প্রতি সাতকানিয়া উপজেলার মাদরাসায় ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মকবুল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসায় ইউনিয়ন জামায়াতের আমীর কে এম আবু মুসা, মাদরাসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদ এবং উপজেলা জামায়াতের যুব সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী।

মাহফিলে বিভিন্ন মাদরাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।