রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলী উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট।

সম্প্রতি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীম’-কে ধরতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি সেনা ইউনিট এ অভিযান পরিচালনা করেন।

শনিবার ( ১৯ জুলাই )বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানের সময় শামীম পালিয়ে গেলেও তার বাসায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলী, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৩০ লাখ টাকার সমপরিমাণ চেক, একটি ট্রেড লাইসেন্স ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কর্মকা- প্রতিরোধে পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের প্রচলিত আইন ও সংবিধানের আলোকে জননিরাপত্তা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।