দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দিতে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। ভয়াবহ আকারে আক্রান্তের হার বাড়তে থাকায় ইতোমধ্যে দাউদকান্দি পৌরসভাকে অতি ঝুকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘন্টায় দাউদকান্দিতে নতুন করে আরো ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় প্রায় ১৮শ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জন। মৃত্যুবরণ করা ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী ও একজন পুরুষ। বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরু থেকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হলেও ঈদ উল আজহার ছুটিতে তা ভয়াবহ আকারে রূপ নেয়। প্রতিদিনই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগি। জানুয়ারি থেকে গেল ১৮ জুন পর্যন্ত এ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৭শ জন। মৃত্যু ছিল ৩ নারীর। আর শুধুমাত্র ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সবশেষ ৫ দিনে ১১ ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে করে মনে হচ্ছে দাউদকান্দির ডেঙ্গু সংক্রমণ ধীরে ধীরে মহামারির দিকে ধাবিত হচ্ছে। এখনই ডেঙ্গু মোকাবেলায় সচেতন হতে হবে। স্থানীয়রা বলছেন, পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি এখন প্রতিটি ঘরে ঘরে। ঈদের ছুটিতে থাকায় পৌর প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা থাকা স্বত্ত্বেও ডেঙ্গু বিস্তার লাভ করে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ঈদের ছুটিতে নিজেরা না গিয়ে পৌরবাসীকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করেছে।অপরিষ্কার ড্রেন ও নালায় এডিস মশা দ্রুত জন্ম নেয়। সেখান থেকে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু এবং পৌর এলাকার দোনারচর, সবজিকান্দিসহ আশপাশের এলাকাগুলোকে ডেঙ্গুর ইতোমধ্যে মহামারি আকার ধারণ করেছে।