হরিণাকু-ু (ঝিনাইদহ) সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য। ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকু-ু) আসন থেকে হঠাৎ বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি। এ নিয়ে ঝিনাইদহ জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে সংসদ সদস্য পদ হারান এই আওয়ামী লীগ নেতা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার বহু অভিযোগ রয়েছে মহুলের বিরুদ্ধে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নাসের শাহরিয়ার জাহেদী মহুলের এমপি হওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। ২০০৭ সালে আয়োজিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আম মার্কায় অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচন না হওয়ায় সেসময় স্বপ্ন অপূর্ণ থেকে যায় তার। সেই স্বপ্ন পূরণের পথ খোলো সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি-জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ সব আসনে ডামি প্রার্থী দেয়। নৌকার বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র প্রার্থী ঠিক করে দেয় আওয়ামী লীগ। ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হন মহুল। শেখ হাসিনার ইশারায় তাকে বিজয়ী করা হয়।

আওয়ামী লীগের প্রভাব ও পেশীশক্তি খাটিয়ে মহুলের ছোটভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র পদ দখলে নেন। নির্বাচিত হওয়ার পর পৌরভবনে বসে মদপান করে আলোচনায় আসেন হিজল। পৌরসভার বেশিরভাগ ঠিকাদারি কাজ করাতেন নিজের বাড়ির কাজের লোকদের দিয়ে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।