বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা : বেলকুচিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি পৌরসভার রুকন ও ৭ নং ওয়ার্ডের সেক্রেটারি, জামায়াত নেতা আরমান আলী বরাত গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার, আনুমানিক দুপুর পৌনে একটায় বেলকুচি পৌরসভাস্থ চালাহাটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স টুবামনি ইন্টারপ্রাইজ (ইট, বালু, রড সিমেন্টের) দোকানে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সমর্থিত এলাকার গোলজার মন্ডলের ছেলে যুবদল নেতা কাউসার হোসেন লিটন (৪৫) টীন লোকমানের ছেলে রাজিব (২৬) ও মোহাম্মদ মন্ডলের ছেলে রাব্বি মন্ডল (১৮) এর নেতৃত্বে ৬/৭ জনের একটি গ্রুপ দোকানে ঢুকে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে সম্মিলিতভাবে তার ওপর আক্রমণ চালায়। এতে জামায়াত নেতা আরমান আলী বরাত গুরতরভাবে আহত হন। স্থানীয়দের হস্তক্ষেপে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাৎক্ষণিকভাবে দ্রুত তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরমান আলী বরাত চালা গ্রামের জামালউদ্দিন প্রারামানিকের মেঝ ছেলে। বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এদিকে জামায়াত নেতার ওপরে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার ও সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলাম প্রমুখ।

যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ, জামায়াত নেতার ওপর সন্ত্রাসীদের এই আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজ ও আক্রমণকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানান।