সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের বসত ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ জুন) ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের দক্ষিণ হিংগারপাড়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৃত্যু বাদশা মিয়ার পুত্র রবিউল ইসলাম ও তার পরিবারের অভিযোগ- দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের আসবাসপত্র, পোশাক পরিচ্ছদ , খাদ্যদ্রব্য, নগদ টাকা এবং মূল্যবান কাগজপত্র।
ঘটনার পর সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে গোটা ঘর ও তার ভেতরে থাকা সব কিছু। আতঙ্কিত ও শোকে বিহ্বল পরিবারের কর্তা রবিউল ইসলাম বলেন, “আমাদের চোখের সামনে সব কিছু পুড়ে গেল, আমরা এখন নিঃস্ব।”
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক তৌফিকুর রহমান, সেক্রেটারি সুজনসহ বিভিন্ন জনৈতিক দলের ব্যক্তিবর্গ। তারা সমবেদনাসহ বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র আল কুরআন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ আবুল বাসার জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।