সাতকানিয়া সংবাদদাতা : ‘সবাই মিলে কাজ করলে একটি সমৃদ্ধ ও মডেল লোহাগাড়ায় পরিণত হবে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের কারণে লোহাগাড়া হল্যান্ড ও নেদারল্যান্ডসের চেয়েও অনেক বেশি সুন্দর।’ এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদ (ইসলামিক ফাউন্ডেশন কনফারেন্স হল) এ আয়োজিত ‘দেশে চলমান পরিস্থিতি ও মানবাধিকার পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উল্লেখযোগ্য একটি উপজেলা হিসেবে লোহাগাড়া একদিন স্বীকৃতি পাবে। সমালোচনা হলেই ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। ফেসবুকে গুজব না ছড়িয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে আসুন। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। এসব বিষয়ে মানবাধিকার কর্মীদের সোচ্চার থাকতে হবে। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করারও আহ্বান জানাই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ ফারুক।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষণ দাশ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল ইসলাম খান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ, জামায়াত লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনম নোমান, সেনাবাহিনী লোহাগাড়া জোনের ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, সহ-সভাপতি মো. নুরুচ্ছাফা ও মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও বড়হাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি হোছাইন মেহেদী, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নওশেদ আলী, অ্যাডভোকেট জমির উদ্দিন, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, শিক্ষক নাছির উদ্দিন, বড়হাতিয়া ইউপি সদস্য আজিজুল হক এবং এনসিপি লোহাগাড়া প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।