মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের টেলকিতে জনগণের অংশগ্রহণে শালগাছের চারা রোপণের মাধ্যমে সম্প্রতি দুপুরে শালবন পুন:প্রতিষ্ঠার কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শালবনের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শালবনের সীমানা প্রচির নির্ধারণ করছি। আগামী তিন বছরে পর্যায়ক্রমে সামাজিক বনায়নের ক্ষতিকর গাছ ইউক্যালিপটাস-আকাশমনি সরিয়ে শালবন পুন:প্রতিষ্ঠা করা হবে। এই বনে ৭০-৩০ ভাগ অনুপাতে শাল ও সহযোগি গাছের চারা রোপণ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত কোন নার্সারি ইউক্যালিপটাস আকাশমনির চারা উৎপাদন করতে পারবে না।