সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শান্ত খানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।
স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ১২ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মো. রিপন (২৫), কে গ্রেপ্তার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। কিন্তু থানায় আনার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে পুলিশকে বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যান এবং পুলিশের ওপর হামলার চেষ্টা করেন।
এ ঘটনায় তদন্তে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় শান্তকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।
বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। এছাড়া শান্তর সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।