গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কাঁচাবাজারে ভোরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসলার মার্কেটসহ ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার ক্ষতির তথ্য জানা গেলেও, তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিনিয়ন্ত্রণ কর্মীদের দ্রুত হস্তক্ষেপে প্রায় ৫ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন।
তিনি জানান, “কোনাবাড়ী বাজারের একটি মসলার মার্কেটসহ মোট ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে আমাদের কার্যকর পদক্ষেপের ফলে বাজারের আরও অনেক অংশ রক্ষা করা সম্ভব হয়েছে। প্রায় ৫ কোটি টাকার সম্পদ আমরা সুরক্ষিত রাখতে পেরেছি।”
গত ৭ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও চান্দনা চৌরাস্তা এলাকার দুটি ইউনিট—মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা টানা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।