গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে পানিতে ডুবে আল-আমিন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় প্রচ- আঘাত পাওয়ায় শিশুটির মৃত্যু হয়। সম্প্রতি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মোহাম্মদ জিলানীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় আল-আমিন। এসময় নদীতে বালু আনলোড করা হচ্ছিল একটি বাল্কহেড থেকে। শিশুরা সেই বাল্কহেডে উঠে বসে। তবে শ্রমিকরা তাদের নামতে বললে, বাল্কহেড থেকে লাফ দিয়ে নামার সময় পা পিছলে আল-আমিন মাথায় আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুপুর পৌনে ২টার দিকে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে।