সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে যৌথ বাহিনীর অভিযানে একজন থাই লটারী ও ভিসা প্রতারক আটক হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ২ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী হাজীপাড়ায় মৃত মোনাফ আলী সরকারের (মোনাফ ডাকাত) বাড়িতে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানকালে সেখান থেকে কৌশলে মোনাফ আলী সরকারের ছেলে মাহামুদ হাসান রকি (২৬) পালিয়ে যায়। কিন্তু ওই রুম থেকে পালানোর সময় তার সহযোগী সোহেল রানা (২৫) নামে একজনকে আটক করা হয়। মূলত: এই যুবককে ধরতেই অভিযানে নামে সেনাবাহিনী।

পরে তল্লাশি চালিয়ে ওই রুম থেকে ২ টি বড় সাইজের ছোড়া, ২ টি চাকু, সেনাবাহিনীর পোষাক তৈরীর আনুমানিক ১০ গজ কাপড়, একটি এসার ল্যাপটপ, ১৩টি এন্ড্রয়েড, ৪টি বাটন মোবাইল ফোনসেট, ১০টি সীম, মাহমুদ হাসান রকির সহ ২টি পাসপোর্ট এবং শুধু স্বাক্ষরকৃত ২টি ১০০ টাকা ও ৭টি ৫০ টাকা মূল্যের ফাঁকা নন জুডিশিয়াল স্টাম্প উদ্ধার করা হয়েছে। এছাড়াও সোহেল রানার ব্যবহৃত লাইসেন্স বিহীন কালো রংয়ের সুজুকি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আটক সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মাঝাপাড়ার আখতারুজ্জামান বাবুর ছেলে।