মোংলা সংবাদদাতা : চট্টগ্রামে থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় কামাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে সকালে মোংলায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোংলা পোর্ট পৌরসভার ৭নং ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে মালগাজী এলাকার নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি চট্টগ্রামের একটি থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রের অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি কামাল ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হয়েছে।