চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় অটোরিক্সা চালক মিশু হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সম্প্রতি দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মাধাইয়া-রহিমানগর সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর বাজারে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন- এই হত্যাকান্ডটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং একটি মহলের পরোচনায় সংঘঠিত হয়েছে। একটি মোটরসাইকেল ও ট্রাক্টরের দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামে মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্য গ্রামের লোকেরা এসে আমাদের গ্রামে লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত এবং নিরীহ অটোরিক্সা চালক মিশুকে হত্যা করে। আহত মিশুকে আমরা স্থানীয় হাসপাতালে নিলে ঘাতকরা তাকে চিকিৎসা নিতেও দেয়নি। এমন বর্বর ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করতে প্রশাসনের প্রতি দাবী জানান এলাকাবাসী।

মানববন্ধনে আবেগাপ্লুত হয়ে বক্তৃতা করেন নিহত মিশুর পিতা মফিজ উদ্দিন, মাতা মমতাজ বেগম, বোন মিতু। এলাকাবাসীর পক্ষে বক্তৃতা করেন- বিএনপি’র কাতার শাখার যুগ্ম সম্পাদক বাবুল গাজী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান, ব্যবসায়ী রবিউল হাসান, মাসুদ রানা বাবু। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি কামাল হোসেন প্রধান, আলম প্রধান, জামাল প্রধান, শাহিদ প্রধান প্রমুখ।