সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

গতকাল শনিবার বিকেলে সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী থাকাকালীন একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রচারিত টক-শোতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুরাদ হাসান। এতে অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার করে তাদের মানহানি করা হয়েছে এবং দশ হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।

মামলাটি দায়ের করেন সরিষাবাড়ী উপজেলার ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা রুমেল সরকার। মামলার অন্য আসামী হলেন টক-শোর উপস্থাপক, চট্টগ্রামের পটিয়া পৌরসভার বাসিন্দা মহি উদ্দিন হেলাল নাহিদ।

মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন। ওইদিন আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।