পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা: “আল্লাহ তায়ালা যাঁদের ভালোবাসেন, তাঁদেরকেই শহীদের মর্যাদা দেন। শহীদরা আল্লাহর বাগানের ফুল। শহীদ ওয়াসিমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না”— বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির প্রকৌশলী নজরুল ইসলাম।

গত ১২ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে তিনি নেতৃত্ব দেন একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের, যা পেকুয়া সদর ইউনিয়নের মেহেরানামাস্থ জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের জন্য আগমন করে।

প্রতিনিধি দলটি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং মানবিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন শহীদ জননী জোসনা বেগম, ভাই আরশাদ আলী ও চাচা মাওলানা জয়নুল আবেদিন। পরিবারটির জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন সকল নেতৃবৃন্দ।

এরপর প্রতিনিধি দলটি শহীদের কবর জিয়ারত করতে যান মেহেরানামা দরগাহ মুরাস্থ শায়েখ মোহাম্মদ কবরস্থানে। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রকৌশলী নজরুল ইসলাম বলেন— “শহীদ ওয়াসিম আমাদের সাহস ও ত্যাগের প্রতীক। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ—যেখানে গণতন্ত্র থাকবে, ইনসাফ থাকবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। আমরা আজ তাঁর রক্তের কাছে দায়বদ্ধ।”

তিনি আরও বলেন— “শুধু স্মরণ নয়, আমাদের করণীয় নির্ধারণের সময় এখন। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে সত্য ও ন্যায়ের পতাকা নিয়ে। বিচ্ছিন্নতার রাজনীতি নয়, প্রয়োজন আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব—যারা দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবে।”

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—

চট্টগ্রাম মহানগরের মজলিসে শুরা সদস্য মোহামুদুল্লাহ, মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার শহর জামায়াতের আমির ও কক্সবাজার-১ আসনের সংসদীয় প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, পেকুয়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমির জে এম শাহাবুদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদী, কোতোয়ালি থানা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আ ন ম জুবায়ের প্রমুখ।

এই সফর শুধু অতীত স্মরণ নয়—এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের এক নতুন শপথ। একটি ইনসাফভিত্তিক ও আলোকিত বাংলাদেশ গঠনে শহীদ ওয়াসিমের ত্যাগ আমাদের পাথেয় হয়ে থাকবে।