সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ তিনটি ‘স’-মিলে টাস্কফোর্স অভিযানে ১২ হাজার টাকা জরিমানা ও ৩৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়েছে। এসময় মিল তিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩০ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত ‘স’-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ/ কাঠ চেরাই করছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক এর দিক নির্দেশনায় উক্ত এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বনবিভাগের অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া ‘স’-মিল, মেসার্স তামান্না ‘স’-মিল এবং মেসার্স দয়া মায়া ‘স’-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।