চট্টগ্রাম বন্দরের সীমান্তবর্তী কর্ণফুলী নদী মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এমভি জায়ান নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে বহনকৃত প্রায় ১২০০ মেট্রিকটন সিরামিক শিল্পের কাঁচামাল বল ক্লে পানিতে নষ্ট হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি চ্যানেলের কাছাকাছি স্থানে ডুবে থাকলেও আপাতত বন্দর দিয়ে অন্যান্য জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

জাহাজের মালিক প্রতিষ্ঠান জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটির স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেটি স্থির রাখা হলেও শনিবার সকালে তীরের দিকে আনার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে এসে অর্ধেকেরও বেশি অংশ পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক সবাই নিরাপদে আছেন বলে তিনি নিশ্চিত করেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, পতেঙ্গা নেভাল একাডেমির কাছাকাছি এসে জাহাজটি চরে আটকে গেলে তলা ফেটে যায়। এতে তিনটি হ্যাচ দিয়ে দ্রুত পানি ঢুকে পড়ে এবং এক পর্যায়ে প্রায় ৯০ শতাংশ জাহাজ পানিতে তলিয়ে যায়। জোয়ারের সময় কেবল উপরের কিছু অংশ দৃশ্যমান থাকে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে সিরামিক শিল্পের কাঁচামাল খালাস করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু দুর্ঘটনায় সব কাঁচামাল ভিজে নষ্ট হয়ে গেছে। তবে জাহাজটি ডুবে থাকা অবস্থায়ও বন্দর চ্যানেলে অন্যান্য জাহাজ চলাচলে কোনো প্রকার সমস্যা হচ্ছে না।