বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : বড়াইগ্রামে মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে ১২ বছর বয়সের এক শিশুর হাতে মিনহাজ হোসেন আবির (৯) নামে আরেক শিশু খুন হয়েছে। ইট দিয়ে মাথা থেতলে শিশুটিকে নির্মমভাবে হত্যা করে অভিযুক্ত অপর শিশু হযরত আলী। সম্প্রতি হযরত আলী (১২) কে গ্রেফতার করে হত্যার মুল রহস্য উদঘাটন করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার মহিষভাঙ্গা মহল্লার কাতার প্রবাসী মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। অভিযুক্ত হযরত আলী একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। সে মহিষভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় হত্যাকান্ডের রহস্য উদঘাটনের তথ্য জানান।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে আবির তার বাবার ব্যবহৃত স্মার্টফোন ও তার বাইসাইকেলটি নিয়ে ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে স্বজনরা পাশের মসলা মিলের ফাঁকা মাঠে প্রথমে তার রক্তমাখা বাইসাইকেল ও স্যান্ডেলসহ আবিরের মাথা থেতলানো লাশ পান।