কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে আব্দুল মজিদ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কলেজ শিক্ষক রাসেল। নার্সারী করার পাশাপাশি শখের বশে মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে পেয়েছেন সফলতা। প্রথম বছরেই লাভবান হওয়ায় এখন ব্যাপক ভাবে শুরু করেছে স্ট্রবেরির চাষ। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে জমি থেকেই স্ট্রবেরির কিনে নিয়ে যাচ্ছেন। তার এই সফলতা দেখে গ্রামের অনেকেই এখন আগ্রহী হয়ে উঠছেন মালচিং পদ্ধতিতে স্ট্রবেরির চাষ করতে। আর স্থানীয় কৃষি বিভাগও দিচ্ছেন নানা পরামর্শ। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কলেজ শিক্ষক রোকনুজ্জামান রাসেল। শিক্ষকতার পাশাপাশি নিজ বাড়ি গান্ধাইল গ্রামে রয়েছে তার নার্সারী ব্যবসা। নার্সারী করার পাশাপাশি গত বছর শখের বশে নিজের ৫৫ শতক জমিতে চাপাইনবাবাগঞ্জ এবং জয়পুরহাট থেকে স্ট্রবেরির চারা সংগ্রহ করে তিনি মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ শুরু করেন। এতে প্রথম বছরেই আশানুরুপ সফলতা পান। দুই লাখ টাকা খরচ করে সাড়ে তিন লাখ টাকার ফল বিক্রি করেন। মাত্র ৪ মাসে আয় হয় তার দেড় লাখ টাকা। গত বছর সফল হওয়ার পর এবছর ১০০ শতক জমিতে চার প্রজাতির স্ট্রবেরির চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর স্ট্রবেরির ফলন ভাল হয়েছে। এই ফল বিক্রি করে খরচ বাদে ৪ লাখ টাকা লাভের আশা করছেন রাসেল।