অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে। দীর্ঘদিন যাবৎ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন তিনি।

সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ‘নিহত নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন চুরির অপবাদ রয়েছে। হয়তো মাছ চুরি কেন্দ্রীক তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হতে পারে।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও বুকে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। হত্যাকা-ের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা সম্ভব হচ্ছেনা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’