দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে রাতে মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ, গৌরীপুর থেকে শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং অন্য এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফি আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা- ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষ নিয়ে ছাত্রদের ওপর নির্যাতনের অভিযোগ ছিল। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, “নাশকতার মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”