বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর মোহাম্মদপুরে গুলীতে শহীদ হওয়া পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আবু সাঈদের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ।
কাপাসিয়ায় বিসিআইসির সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
কাপাসিয়া (গাজীপুর) থেকে : গাজীপুরের কাপাসিয়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূতভাবে বিগত সরকারের আমলে ক্ষমতার দাপটে বিসিআইসির সার ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি খোরশেদ আলম বেপারী নামে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামরুল ইসলাম সহ কতিপয় কৃষক গাজীপুর জেলা প্রশাসক ও সার-বীজ মনিটরিং সভাপতি বরাবর লিখিত এ অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট নানাবিধ অভিযোগ এবং বিসিআইসির ডিলারদের সাথে প্রতারণা সহ ক্ষমতার অপব্যবহার করায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, গাজীপুর জেলা ইউনিট তাকে কাপাসিয়া ইউনিটের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খোরশেদ আলম বেপারী। সে বিগত আওয়ামীলীগের সময় মেসার্স খোরশেদ এন্টারপ্রাইজ’ নামে বিসিআইসির সার ডিলার হিসাবে নিয়োগ পান। অভিযোগ রয়েছে সে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে চারজন এমপি-মন্ত্রীর সুপারিশ নিয়ে ওই সার ডিলার নিয়োগ পান।
একজন বিসিআইসির সার ডিলার নিয়োগের জন্য সরকারি গেজেট ও সার ডিলার নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। সেমতে যে ইউনিয়নের জন্য ডিলার হিসাবে নিয়োগ পেতে চান, তাকে ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। অথচ খোরশেদ আলম কাপাসিয়া সদর ইউনিয়নের বাসিন্দা হয়েও ২০ কিলোমিটার দূরে অবস্থিত ঘাগটিয়া ইউনিয়নের ‘চালার বাজারে’ বৈধ ও নির্ধারিত ডিলার থাকা সত্ত্বেও সেখানে নিয়োগ পেয়েছেন। গেজেটের নিয়ম অনুযায়ী ওই ইউনিয়নের জনগণ বা কৃষক তাদের চাহিদা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তা জানাবেন। পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা কৃষি অফিসারকে জানালে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন। পরে তা জেলা প্রশাসকের অনুমোদন পেলে পত্রিকায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।
গাজীপুর জেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ আঃ কাদির মিয়া জানান, ‘মেসার্স খোরশেদ এন্টারপ্রাইজ’ এর মালিক খোরশেদ আলম বেপারীর বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা ইউনিটের সভাপতি। ইতিপূর্বে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এবং বিসিআইসির সার ডিলারদের সাথে প্রতারণা সহ ক্ষমতার অপব্যবহার করায় তাকে সাময়িক ভাবে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। যেহেতু আগেও খোরশেদ আলমের বিরুদ্ধে অভিযোগ ছিল তাই যথাযথ ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি।
অভিযুক্ত খোরশেদ আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত সময় আওয়ামীলীগের সমর্থক হিসাবে থাকলেও কখনো কোন পদ-পজিশন ছিল না। যথাযথ নিয়ম মেনেই বিসিআইসির ডিলারসিপ নেয়া হয়েছে। কোন ধরনের অনিয়ম বা নীতিমালা বহির্ভূত কোন কাজ করা হয়নি। এছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।