মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এবারও কুমারখালীর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ, মওসুমী বিভিন্ন দেশীয় ফল প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন সোমবার বিকাল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিদের বাড়ীতে ছুটে যান একটি ১০ সদস্যের টিম। কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্য সচীব মোহাম্মদ আব্দুল্লাহ এই সাক্ষাৎ টিমের নেতৃত্ব দেন।
প্রথমে তারা চকরঘুয়া-আলাউদ্দিন নগরে শিক্ষানূরাগী ও দানবীর আলাউদ্দিনের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এরপর হয়তা পাড়ায় শয্যাসায়ী বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী ও আব্দুল গনি ও দূর্গাপুরের রেলগেট পাড়ায় আব্দুস সামাদ কুহিনুরের সাথে সাক্ষাৎ করেন।
মাগরীবের নামাজের পর সাক্ষাৎকারী টিম শহরের এলংগী পাড়ায় লেখক খন্দকার আব্দুল হালিম, কুন্ডূপাড়ায় প্রবীণ ব্যাংক কর্মকর্তা মীর মোর্শেদ আলী ও শেষে শেরকান্দীতে অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাসের সাথে তাদের বাড়ীতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিকে মওসুমী বিভিন্ন প্রকারের দেশীয় ফল উপহার দেওয়া হয়।
কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্য সচীব মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে সাক্ষাৎকারী টিমের সাথে ছিলেন আব্দুর রহমান, আব্দুল গাফফার বিশ্বাস, আকরামুল হক সাহিন, এ্যাডঃ আকমল হোসেন, বাবু নিতাই কুন্ডু, অধ্যাপক জিল্লুর রহমান মধু, ইকবাল কবীর দিলু, শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফ এবং শিক্ষক দিনারল ইসলাম।
এই সাক্ষাতের সময় বিশিষ্ট ব্যক্তিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাঁরা এই উদ্যোগকে ধন্যবাদ জানান। দলনেতা কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্য সচীব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রবীণদের উপহার দেওয়া ও সৌজন্য সাক্ষাৎ করার মাধ্যমে সম্মান জানানো আমাদের নৈতিক কাজ। তাঁরা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাঁদের সম্মানিত করার মাধ্যমে আমাদের দায়বদ্ধতা সামান্য হালকা হতে পারে। তিনি নতুন প্রজন্মের জন্য এই সাক্ষাৎ করার সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানান।
ঈদ পুনর্মিলনী : এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রংধনু রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব কাজী আক্তার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
এই বিশেষ আয়োজনে আরো বক্তব্য রাখেন আব্দুর রফিক বিশ্বাস, সোহেল আমিন বাবু, বাবু নিতাই কুন্ডু, আব্দুর রহমান, জিল্লুর রহমান মধু, শহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার বিশ্বাস, এস এম আব্দুল খালেক, সোলাইমান বিশ্বাস, জাহিদুল ইসলাম পলক, ইকবাল কবীর দিলু, মাহমুদ শরীফ, রবিউল ইসলাম প্রমূখ। শেষে সকালের নাস্তা পরিবেশন করা হয়।