হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : সম্প্রতি হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে স্থানীয় খামারিদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো। তিনি খামারিদের উদ্দেশে গবাদিপশুর সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও আধুনিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. প্রবীর দেব বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয় এই মূলনীতিতে আমরা গবাদিপশুর রোগ প্রতিরোধে নিয়মিত টিকা প্রদান করে থাকি। ক্ষুরা রোগ, বাদলা ইত্যাদি টিকা নিয়মিতভাবে দেওয়া হয়। জলবায়ু ও অতীত অভিজ্ঞতা অনুযায়ী হাটহাজারীতে আনথ্রাক্স রোগের ঝুঁকি কম, তবে আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। কোথাও সন্দেহজনক লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়।”
তিনি আরও জানান, প্রতিবছর কসাইদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এসব রোগ সম্পর্কে সচেতন করা হয়। কেউ যদি অসুস্থ পশু জবাইয়ের চেষ্টা করে, জনস্বার্থে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া স্থানীয়ভাবে গরু জবাইয়ের আগে মাঠ পর্যায়ের প্রশিক্ষিত কর্মীরা পশুগুলো পরীক্ষা করে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এসএএলও) মোহাম্মদ মতিনুল হক টিপু, ইন্টার্ন শিক্ষার্থী আইটি মো. এফ. মাসুম এবং এলএসপি মো. জামাল।
বৈঠকে অংশগ্রহণকারী স্থানীয় খামারিরা গবাদিপশুর খাদ্য, টিকাদান, রোগ প্রতিরোধ ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। পরে কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।