ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাই সীমান্তবর্তী দুই উপজেলার পাহাড়ঘেরা অন্তত অর্ধশত গ্রামে টানা সাত বছর ধরে মোবাইল নেটওয়ার্ক সংকটে ভুগছে স্থানীয়রা। মোবাইল টাওয়ার থাকলেও প্রায় ৭০ হাজার মানুষ আধুনিক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মোবাইল ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত।
জানা গেছে, ২০১৪ সালে ফটিকছড়ির পশ্চিম সোনাই গ্রামে মোবাইল অপারেটর রবি একটি টাওয়ার স্থাপন করলেও ২০১৮ সালে চাঁদাবাজি, নিরাপত্তা সংকট ও চুরি-ডাকাতির কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকেই নয়টিলা, নলখো, সাইবেনিরখিল, ত্রিপুরাপাড়া, বদ্ধ ভবানী, ইসলামপুর, পানুয়া, কালাপানি, সুবলছড়ি, কাজীপাড়া, বালুটিলা, বৈদ্দ্যেরথলী, কালাকুম, জিলতলী, মুহাম্মদপুর তাকিয়াছড়িসহ দুই উপজেলার অর্ধশতাধিক গ্রাম একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।