কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। যোগাযোগের একমাত্র পথ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ভেতর দিয়ে হওয়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন চালকরা। মূল সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো বিপজ্জনক বাঁক। শমশেরনগর বাজার থেকে চাতলাপুর পর্যন্ত সড়কটির একাধিক স্থানে রয়েছে এসব ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে প্রতিদিন পণ্যবাহী গাড়িগুলো চলতে হচ্ছে চরম সতর্কতার সঙ্গে। শুধু বাঁক নয়, শমশেরনগর বাজারের সরু রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে নিয়মিত যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতি, রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বাজারকেন্দ্রিক ভিড়, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, বাজারের পাশ দিয়ে চা বাগানের ভেতর দিয়ে যাওয়া বিকল্প এক কিলোমিটার বাইপাস সড়কটি পাকা করলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। এই সড়কটি ব্যবহার করলে বাজার এলাকার চাপ এড়িয়ে পণ্যবাহী গাড়িগুলো দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে। সরেজমিন দেখা যায়, চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পণ্যবাহি গাড়ি গুলো শ্রীমঙ্গল- ভানুগাছ সড়ক হয়ে শমশেরনগর বাজারের ভেতর দিয়ে চাতলাপুর সড়ক দিয়ে যাতায়াত করে। এই সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো শমশেরনগর বাজার। এখানে কয়েকটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের মানুষ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা-বেচা করেন। এই বাজারে শমশেরনগর-ভানুগাছ সড়ক ও শমশেরনগর-চাতলাপুর সড়কের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। এতে সড়ক সরু হওয়ায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পণ্যবাহী গাড়ি বাজারের ভেতর প্রবেশ করলে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এতে করে বাজারে আগত ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন যানবাহন ভোগান্তিতে পড়তে হয়।