দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির দুইটি গরুসহ আন্তঃজেলা চার ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল দল সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে। অভিযানে অংশ নেন এসআই নাজমুস সাকিব, এসআই ছোটন শর্মা, এএসআই রিপন, এএসআই দেলোয়ারসহ অন্যান্য ফোর্স সদস্যরা।তল্লাশির সময় পিকআপে থাকা দুই ব্যক্তির আচরণে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা স্বীকার করে যে, কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে তারা দুইটি গরু ডাকাতি করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও দুই ডাকাতকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রতনপুর এলাকার মো. কালাম, কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দির রাজা মিয়ার ছেলে কবির হোসেন, দাউদকান্দির কালাকোপা এলাকার হানু মিয়ার ছেলে কবির (২৬) এবং মুরাদনগর উপজেলার আব্দুস সালামের ছেলে রাজিব ওরফে তারা মিয়া।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,“গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দেবিদ্বার থেকে গরু ডাকাতি করে ঢাকার দিকে যাচ্ছিল। এর আগেও এই চক্রটি ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। ঘটনাস্থল দেবিদ্বারে হওয়ায় সেখানকার থানায় ডাকাতি মামলায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়।