ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার মামলায় জেল খেটেও স্ব-পদে বহাল তবিয়তে রয়েছেন এক প্রধান শিক্ষক। এছাড়াও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে রেজুলেশন জালিয়াতি, স্বজনপ্রীতি এবং ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয় ঐ প্রধান শিক্ষক সরকারী নির্বাহী আদেশ উপেক্ষা করে ১৭ ও ২৪ মে বিদ্যালয় বন্ধ রাখেন।
জানাগেছে, চর-ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবু ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে গত ১৮ মে ভূরুঙ্গামারী থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। ম্যানেজিং কমিটি রহস্যজনক কারণে বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত না করায় ওই প্রধান শিক্ষক গত ২৮ মে জামিনে মুক্ত হয়ে স্ব-পদে বহাল থেকে অফিসিয়ালসহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
শুধু তাই নয়, এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর আগে বিদ্যালয়ের ল্যাব থেকে ২টি ল্যাপটপ ও একটি মনিটর চুরি হয়। এব্যাপারে রহস্যজনক কারণে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জানাগেছে, বিদ্যালয়ের নৈশ প্রহরী রাজু মিয়া প্রধান শিক্ষকের শ্যালক। তাকে মামলা থেকে বাঁচাতে থানায় চুরির মামলা করা হয়নি।
অপরদিকে এনটিআরসিএ বিদ্যালয় পরিচালনা কমিটি রেজুলেশনের মাধ্যমে কুলসুম খাতুনকে সহকারী শিক্ষক বাংলা শূন্যপদে এবং জাহিদুল ইসলামকে সহকারী শিক্ষক বাংলা শাখা পদে নিয়োগের সুপারিশ করে। কিন্তু প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে রেজুলেশন ঘষামাজা করে কমিটির সিদ্ধান্ত পরিবর্তন করে কুলসুমকে শাখা পদে এবং জাহিদকে শূন্যপদে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তির আবেদন পাঠায়। উল্লেখ্য, সরকারি নির্দেশ উপেক্ষা করে ১৭ ও ২৪ মে বিদ্যালয় বন্ধ রাখা হয়।